১০, ৫০, ৫০০ টাকার পর এ বার বাজারে এল ১০০ টাকার নোট। সোমবার থেকেই এই নতুন নোট বাজারে ছাড়া শুরু করেছে ব্যাঙ্কগুলি। এটিএমেও মিলবে ল্যাভেন্ডার রঙের এই নোট। নতুন নোট বাজারে এলেও এই মুহূর্তে বাতিল হচ্ছে না পুরনো ১০০ টাকার নোট, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দু’রকম নোটই ব্যবহার করা যাবে। তবে, নতুন নোটে মানুষজন অভ্যস্ত হয়ে উঠলে পরে পুরনো নোট ছাপানো কমিয়ে দেওয়া হবে।
চলতি বছর জুলাই মাসে, মহাত্মা গান্ধী সিরিজের এই নতুন ১০০ টাকার নোট চালু করার কথা ঘোষণা করেছিল আরবিআই। পুরনো নোটের মতোই এই নোটে থাকছে মহাত্মা গান্ধীর ছবি, অশোক চক্র। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত পটেলের সইও থাকছে নোটে। নতুনত্ব হল, এই নোটের পিছনে রয়েছে গুজরাটের ঐতিহ্যশালী স্থাপত্য ‘রানি কি ভাব’-এর মোটিফ।
নোটটি দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার ও প্রস্থে ৬৬ মিলিমিটার। নোটের মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি ৷ নোটের উপরে ক্ষুদ্র অক্ষরে (Micro Letter) ইংরাজি হরফে লেখা থাকছে ‘আরবিআই’, ‘ইন্ডিয়া’, ‘১০০’ ও হিন্দি হরফে ‘ভারত’।
নোটটিতে সিকিওরিটি থ্রেড লাগানো আছে, যাতে রঙের বদল লক্ষ্য করা যাবে। নোটটিকে মুড়লে বা ধার থেকে দেখলে থেকে দেখলে ইংরাজি হরফের ‘আরবিআই’ ও হিন্দি হরফের ‘ভারত’ লেখার রঙ সবুজ থেকে বদলে নীল দেখাবে।
নতুন নোটের ডান দিকে থাকবে অশোক স্তম্ভ৷ তা ছাড়া, মহাত্মা গান্ধীর ছবির উপরে ডানদিকে লেখা থাকছে গ্যারান্টি, সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক ও গর্ভনরের সই।
নোটের পিছনে লেখা থাকছে নোট ছাপার সাল। দেবনগরীতে ১০০। ‘স্বচ্ছ ভারত’ লেখা লোগো ও স্লোগান। ইউনিসেফ স্বীকৃত গুজরাটের ঐতিহ্যশালী স্থাপত্য ‘রানি কি ভাব’-এর মোটিফ।

Be the first to comment