সকাল ৯ টায় শুরু হবে অনুষ্ঠান, রাখতে হবে অন্তত ৫ রাজ্যের প্রতিনিধিকে, স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে রাজ্যকে একাধিক নির্দেশ কেন্দ্রের

Spread the love

প্রতিবেদন: সামনেই ১৫ অগাস্ট, দেশের স্বাধীনতা দিবস। সেই দিনটিকে যথোচিত মর্যাদার সঙ্গে পালন করতে হবে। এমনই নির্দেশ দিয়ে সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিল কেন্দ্রীয় সরকার। চিঠিতে কীভাবে অনুষ্ঠান পালিত হবে, তা নিয়েও রয়েছে গুচ্ছ নির্দেশ।

ওইদিন ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে কেন্দ্রের তরফে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্য, জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত স্তরে ১৫ অগাস্ট সকাল ৯টার পর এক সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করতে হবে। রাজ্যস্তরে মুখ্যমন্ত্রী এবং জেলাস্তরে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক পদ মর্যাদার কোনও আধিকারিক পতাকা তুলবেন। মহকুমা ও ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং পঞ্চায়েতস্তরে পঞ্চায়েত প্রধানরা পতাকা উত্তোলন করবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বচ্ছ ভারত’ অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। কীভাবে তা হবে, সে বিষয়ে দেওয়া গাইড লাইনে বলা হয়েছে, প্রতিটি জেলা ও রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে এক মাস ধরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। স্কুল পড়ুয়া, এনএসএস, এনসিসি, যুব সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এই কাজে যুক্ত করতে হবে।

এর সঙ্গে এবার আরও একটি অভিনব নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, স্বাধীবতা দিবসের অনুষ্ঠানে এবার আর শুধু রাজ্যের কৃতী ও বিশিষ্টদের রাখলেই চলবে না। আশপাশের রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বিশিষ্টদেরও আমন্ত্রন জানাতে হবে বাধ্যাতামূলক ভাবে। প্রতিটি রাজ্যেকেই অন্তত আরও ৫টি রাজ্যের বিশিষ্ট অতিথিদের তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠি পাওয়ার পর নবান্নে ১৫ অগাস্ট নিয়ে তৎপরতা আরও বেড়েছে।

এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উপরও জোর দিতে বলা হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে সন্ধ্যা ৬টার পর একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যের অন্তত ২৫ থেকে ৫০ জন বিশেষ কৃতিত্বের অধিকারী মানুষকে আমন্ত্রণ জানাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*