প্রতিবেদন: ২১ জুলাই ধর্মতলায় কোনও সভা করা যাবে না। কালীঘাট এবং ঋতব্রত, তৃণমূলের দুই যুযুধান পক্ষকেই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুলিশ। ওইদিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে আবেদন জানিয়েছিল দুই শিবিরই। তার জবাবে মঙ্গলবার লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না। আবেদনকারীদের এই সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিচ্ছে পুলিশ। এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী বলেন, এখনও পুলিশের কোনও চিঠি পাইনি। তাই এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করব না। চিঠি পেলে দলের তরফে জানানো হবে। উল্টোদিকে ঋতব্রত শিবিরের তরফে বলা হয়েছে, ধর্মতলায় না হলে বিকল্প জায়গায় ২১ জুলাই পালিত হবে। আমরা শহিদ দিবস পালন করবো। এর আগে রবিবার দুপুরে পুলিশ অনুমতি দেওয়ার আগে ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় কালীঘাট তৃণমূলের কয়েকজন নেতাকে। সেখানে ছিলেন, কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ আরও কয়েকজন। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফিতে নিয়ে মাপতে চলে গিয়েছেন! আপনারা অনুমতি চেয়েছেন, কোথায় সভা করবেন সেটা আমরা বলে দেব। তারপরই খোঁচা দিয়ে বলেন, আপনাদের সভায় অনেক লোক হবে। লক্ষ লক্ষ। ব্রিগেডে চলে যান! গিয়েছিলেন তো এক বার! মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর, সেদিন রাতেই রাস্তা আটকানো, যান চলাচলে বাধা-সহ একাধিক অভিযোগে দোলা, কুণালদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

Be the first to comment