রোজদিন ডেস্ক, কলকাতা:- একুশে জুলাইয়ের সভার সমর্থনে তৃণমূলের হোর্ডিং ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরে। বুধবার হাও়ডার ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডের ধারে বাতিস্তম্ভে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বেশ কয়েকটি হোর্ডিং ছেঁড়া নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে।
কেউ বা কারা ব্লেড দিয়ে হোর্ডিংগুলোকে কেটে দিয়েছে। এর জন্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের নেতারা। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘এই ঘটনার পিছনে বিজেপি এবং সিপিএম আছে। গত বিধানসভা নির্বাচনে সিপিএমের ভোট বিজেপি’র ঝুলিতে গিয়েছিল। ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে। আমরা পুলিশকে বলছি, গোটা ঘটনার তদন্ত করে দেখা হোক। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। তা হলেই বোঝা যাবে, কে বা কারা এর পিছনে রয়েছে।’

Be the first to comment