রোজদিন ডেস্ক, কলকাতা:- লোকসভা ভোটের পর একটু চুপচাপ ছিল সবই কিন্তু সূত্রের খবর শনিবার সন্ধ্যায় হতে চলেছে INDIA জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠক। তবে বৈঠক ভার্চুয়ালই হবে বলে জানা গিয়েছে। এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আলোচনার মূল বিষয়, সংসদের বাদল অধিবেশনে যৌথ কৌশল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
এই বৈঠকে অনলাইনেই অংশ নিচ্ছেন অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), উদ্ধব ঠাকরে (শিবসেনা-উদ্ধব গোষ্ঠী), এম কে স্ট্যালিন (ডিএমকে) এবং আশ্চর্যের বিষয় – তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন। এটাই যদি বাস্তবায়িত হয়, তবে লোকসভা নির্বাচনের পরে প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
তবে আম আদমি পার্টি এই বৈঠকে থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। গত বাজেট অধিবেশন ও তার আগের শীতকালীন অধিবেশনে জোটের নেতারা এক টেবিলে বসেননি। এবার কি তবে বিরোধী ঐক্যের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে? এই নিয়ে চলছে জোর জল্পনা।

Be the first to comment