১৮ নয় তবে কি ২১শে..? – দিলীপ ঘোষের প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিত থাকা ক্রমশ বাড়াচ্ছে জল্পনা!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা হচ্ছেন দিলীপ ঘোষ। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। আর এখবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

দলীয় পদ হারানোর পর থেকে রাজ্য বিজেপির সভা-সমাবেশে কার্যত অদৃশ্য ছিলেন দিলীপ ঘোষ। নিজেই কিছুদিন আগে অভিযোগ করেছিলেন, কোনও বৈঠকে ডাকা তো দূর, এমনকী বসার জন্য চেয়ারও নাকি দেওয়া হতনা তাঁকে।

শুরুতে খবর ছিল, নরেন্দ্র মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। তাতে গুঞ্জন ছড়ায়—দল কি তবে তাঁকে ফের গুরুত্ব দিচ্ছে? কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই। বৃহস্পতিবার দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘুরে দেখে সুকান্ত বলেন, “দিলীপদা শুক্রবার দিল্লি যাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ডেকেছে।” এই মন্তব্যেই স্পষ্ট, মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছেন না।

এদিকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিলীপ জানান, দলের কাজেই তিনি দিল্লি যাচ্ছেন। তার কথায়, ‘কর্মীরা ডেকেছিলেন, তাই যাব বলেছিলাম। দল ডাকেনি, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না। অস্বস্তি বাড়াতে চাই না। দলের কাজে দিল্লি যাচ্ছি।’

এদিকে আজকের সভায় দিলীপ ঘোষের না থাকায় জোর জল্পনা তৈরী হয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চেই থাকবেন তিনি? এ প্রশ্নও উঠে আসছে রাজনৈতিক মহল থেকে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*