ডুরান্ড নিয়ে মাতছে দেশ, রেডি কলকাতা, ফুটছে ফুটবল প্রেমীরা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

অমৃতা ঘোষ, কলকাতা:– এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ আবারো অনুষ্ঠিত হতে চলেছে। এই খেলা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। আগামী ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিক অফ হতে চলেছে শতাব্দী প্রাচীন এই ফুটবল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে এই ডুরান্ড কাপ। এই টুর্নামেন্ট নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে উত্তেজনা,বিশেষ করে বাংলা থেকে এবারে অংশ নিচ্ছে চারটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার এফসি।

বৃহস্পতিবার ১৩৪তম ডুরান্ড কাপ এর শুভ সূচনা হলো একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াই হতে চলেছে। এই ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে দুটো কোয়ার্টার ফাইনাল দুটো সেমিফাইনাল এবং ফাইনাল , যেটা আয়োজিত হবে কলকাতাতেই। এই বিষয়ে বৃহস্পতিবার ১৭ জুলাই এক সাংবাদিক বৈঠক এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান,চিফ অফ স্টাফ ইস্টার্ন কমান্ড (হেড কোয়াটার) লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, জিওসি বেঙ্গল সাব এরিয়া ও ডুরান্ড কাপ আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল রাজেশ অরুন মোঘে, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা। এই ডুরান্ড কাপ বাংলায় গত পাঁচ বছর ধরে আয়োজিত হচ্ছে। এই ডুরান্ড কাপ ইস্টার্ন কমান্ডের সাথে রাজ্য সরকার যৌথভাবে পরিচালনা করে চলেছেন, সহযোগিতায় ইন্ডিয়ান অয়েল।

এবারের ডুরান্ড কাপ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ফোর্ট উইলিয়ামে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এবছর ডুরান্ড কাপ কমিটির চেয়ারম্যান এবং ভারতীয় সেনাবহিনীর উচ্চ পদাধিকারী অফিসার মোহিত মালহোত্রা জানান, এবার টুর্নামেন্টে পুরস্কারমূল্য দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। শুধু তাই নয়, সেরা পারফরমারদের — গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস দেওয়া হবে। এই বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার হিসাবে এসইউভি গাড়ি। পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন বাংলার ক্রীড়া ক্ষেত্রে সরকার সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও করবে।

টিকিট বণ্টন নিয়ে প্রতি বছরই অভিযোগ ওঠে, বিশেষ করে কলকাতার তিন প্রধান ক্লাবের সমর্থকদের তরফে। এবার সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে তিন প্রধান এবং ডায়মন্ডহারবারের প্রতিটি ম্যাচে সাধারণ গ্যালারির জন্য ৫ হাজার করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে ক্লাবগুলিকে। ভিআইপি গ্যালারির জন্য বরাদ্দ থাকবে ২০০টি টিকিট এবং ডার্বি ম্যাচে ভিআইপি টিকিটের সংখ্যা হবে ১৫০টি। এছাড়াও থাকবে নির্দিষ্ট পরিমাণ প্রাইস টিকিট, যা কিনে খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*