রোজদিন ডেস্ক, কলকাতা:- ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আবার ওই দিনই আবার বিজেপির যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষ এই মিছিলের অনুমতি দিয়ে উচ্চ আদালত এদিন জানিয়ে দিয়েছে, তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে।
কিছুদিন আগেই এই উত্তরকন্যা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেছে নেন এই ২১ জুলাইকেই। যেদিন প্রতি বছর শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা এই নিয়ে জমায়েত করেন কলকাতার ধর্মতলায়। বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক সেইদিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। তবে উত্তরকন্যা অভিযানে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। ২১ জুলাইয়ে কলকাতায় পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সেই অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে উচ্চ আদালত জানিয়ে দেয়, শর্ত মেনে মিছিল করা যাবে।

Be the first to comment