রাত পেরোলেই বঙ্গে আগমন প্রধানমন্ত্রীর ; আগের রাতে কি বার্তা দিলেন নরেন্দ্র মোদী?- জানুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রীর সভার আগে দুর্গাপুরে সাজ সাজ রব। বিজেপির শীর্ষ নেতারা একে একে বর্ধমানে পৌঁছে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরে বাড়ি বাড়ি ঘুরবেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সভায় মানুষকে আমন্ত্রণ জানাবেন। বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় মাহাতোরা দুর্গাপুরে আছেন।

তবে বর্ধমানের দুর্গাপুরে জনসভার আগের রাতে সমাজমাধ্যমে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এদিন তিনি লিখলেন, তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে। এখানে একমাত্র ভরসা বিজেপি! সেই সঙ্গে তাঁর জনসভায় যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বানও জানালেন।

দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুপুর আড়াইটে নাগাদ নরেন্দ্র মোদীর সভা শুরু হবে। প্রথমে থাকবে প্রশাসনিক কিছু কর্মসূচি। বেলা ৩টে থেকে দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন মোদী। রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতারই এই সভায় উপস্থিত থাকার কথা। তার আগে বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখলেন, ‘‘তৃণমূলের অপশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ। সেখানকার মানুষ বিজেপিকেই ভরসা করছেন। মানুষ জানেন, বিজেপিই একমাত্র উন্নয়ন আনতে পারে। ১৮ জুলাই আমি দুর্গাপুরে বিজেপির সভায় ভাষণ দেব। আপনারা সকলে আসুন।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*