রোজদিন ডেস্ক, কলকাতা:- পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে অন্তত একশো জন জঙ্গি নিকেশ হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিরোধীদের এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই অভিযান এখনও চলছে। তাই এই বিষয়ে প্রযুক্তিগত কোনও তথ্য দেওয়া সম্ভব নয়।” এই বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী মোদি।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলায় ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে কেন্দ্রের মোদি সরকার! মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিত ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। সেই অভিযানের ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় সেনা। এই সফল সামরিক অভিযানের কথা বিরোধী দলগুলির কাছে বিশদে তুলে ধরতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করে কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, ‘অপারেশন সিঁদুর’-এর বিষয়ে সব দলকে জানাতে এই বৈঠক ডাকা হয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই সর্বদলীয় বৈঠক হয়। বিজেপি সরকারের তরফে ছিলেন কেন্দ্রীয় অমিত শাহ, এস জয়শঙ্কর, জেপি নাড্ডা এবং নির্মলা সীতারমন। বিরোধীদের পক্ষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ টিআর বালু, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, আপ সাংসদ সঞ্জয় সিং, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত, এনসিপি (এসপি) সুপ্রিয়া সুলে, বিজেডি’র সস্মিত পাত্র এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস হাজির ছিলেন। এছাড়া জেডি(ইউ) সাংসদ সঞ্জয় ঝা, কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রাম বিলাস) নেতা চিরাগ পাসওয়ান, এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এই সর্বদলীয় বৈঠকে অংশ নেন৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “কেন্দ্রীয় সরকারের সংকটে আমরা পাশে আছি ৷”

Be the first to comment