রোজদিন ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ অভিযানে আত্মবলিদান দেওয়া ভারতীয় বীর সেনা জওয়ানদের এবং ভারত-পাক সংঘর্ষে ভারতীয় সেনাদের অসাধারণ কৃতিত্বের জন্য তাদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শনিবার রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদ তর্পণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায়, শহরে, এবং ব্লকে ব্লকে এদিন দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি হয়।
এদিন কলকাতার উত্তর থেকে দক্ষিণ নেতা-মন্ত্রীরা নিজেদের এলাকায় মিছিল-মিটিং করেন। উত্তর কলকাতায় আহিরিটোলা শীতলা মন্দিরের সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। ওই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিধায়ক শশী পাঁজা ও শিখা সাহা।

দক্ষিণ কলকাতায় নিজের পার্টি অফিসের সামনে থেকে মিছিল করেন জেলা সভাপতি দেবাশিস কুমার।

মেটিয়াবুরুজের কাঁচি সড়কের মুখ থেকে মিছিল শুরু হয় রামনগর মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিলের সামনে ছিলেন পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম।

অন্যদিকে, টালিগঞ্জ বিধানসভার ১১২ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল করেন অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ও স্থানীয় পৌর প্রতিনিধি গোপাল রায়।

কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের জেলায় জেলায় সংগঠিত হয় এই কর্মসূচি। হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা -১ ব্লকের সিরাজবাটী অঞ্চলের ছোটমহড়া থেকে আমতা চৌরাস্তা তৃণমূল ভবন পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাজি।

এবং, মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কর্মসূচি “ভারতের বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন” অনুষ্ঠিত হয়।

এছাড়াও, উত্তরবঙ্গেও প্রতিটি জেলায়, ব্লকে নেতা-মন্ত্রীদের এই কর্মসূচি পালনে রাস্তায় দেখা গিয়েছে। শুধু এ-রাজ্যেই নয়, ত্রিপুরা, মেঘালয় এবং অসমেও সেনা সম্মান ও শহিদতর্পণ কর্মসূচি পালন করেছেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ভারতীয় সেনাকে সম্মান জানাতে শনিবার ও রবিবার রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা। সেনার সেই বীরগাথাকে সব রাজনৈতিক দল স্যালুট জানিয়েছে। তৃণমূল কংগ্রেসও ভারতীয় সেনাকে বিশেষ সম্মান দিতে উদ্যোগ নিয়েছে। তাই শনি ও রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশ নিচ্ছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Be the first to comment