রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ নিয়ে প্রস্তুতি-বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। জানা গেছে, শনিবার দুপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভবানীপুরের কার্যালয়ে যাবেন তিনি। সেখানেই বৈঠক হবে।
এই বৈঠকে যোগ দিতে অনুব্রতের পাশাপাশি বীরভূম তৃণমূলের কোর কমিটির সকল সদস্য শহরে এসেছেন। অন্যান্য জেলা থেকেও নেতারা এসেছেন। জানা গেছে শনিবারের বৈঠকে যোগ দিতে অনুব্রত মন্ডল শুক্রবার বিকেলেই কলকাতায় চলে এসেছেন। রয়েছেন চিনার পার্কের ফ্ল্যাটে। শুক্রবার তিনি নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিয়েছেন।
শনিবার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে বক্সীর পার্টি অফিসে বৈঠক হবে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আগেই জেলা সংগঠনের সকল সভাপতি এবং চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছিল। বীরভূম এবং উত্তর কলকাতার জেলা সংগঠনের দায়িত্বে রয়েছে কোর কমিটি। তাই সেখানে অনুব্রত, কাজল সেখ সহ কোর কমিটির সকল সদস্যকেই বৈঠকে থাকতে বলা হয়েছে।
জেলা সংগঠনে রদবদলের পরেও বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। সম্প্রতি বোলপুরের আইসি লিটন হালদারকে ফোন করে অশ্লীল গালিগালাজ করা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা তৃণমূলকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছিল।

Be the first to comment