রোজদিন ডেস্ক, কলকাতা:– অপারেশন সিঁদুর ভারতের ইচ্ছাশক্তির প্রমাণ। বিএসএফের কর্মসূচিতে যোগ দিয়ে শুক্রবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের কর্মসূচি থেকে ‘শত্রু’দের ভারতীয় সেনার শক্তির কথা মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জওয়ানদের প্রশংসাও করেন তিনি।
‘অপারেশন সিঁদুর’এর সাফল্যের কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত পাকিস্তানকে মাটি দেখিয়েছে। উরি-পুলওয়ামা সন্ত্রাসের জবাব দিয়েছে ভারত।’ পাকিস্তানকে কড়া জবাব দিয়ে তিনি বলেন, ‘পাক সন্ত্রাসবাদের উচিত জবাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী উচিত জবাবের কথা বলেছিলেন। মোদি জমানায় এরকম জবাব দেওয়া চলবে।’ তিনি স্পষ্ট করেন, ‘প্রথমে পাক সেনাঘাঁটি নিশানা করেনি ভারত। নিরীহ ভারতীয়দের নিশানা করেছে পাকিস্তান। সন্ত্রাসে পাক মদতের সবথেকে বড় প্রমাণ জঙ্গিদের শেষকৃত্য।’ জঙ্গিদের ২টি সদর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। জঙ্গিদের প্রতি পাকিস্তানের মনোভাব এখন সবার কাছে স্পষ্ট বলে এদিন জানান তিনি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ দমনে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে ভারত। ৬ মে রাতের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় পাক ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। এরপর পালটা ভারতের উপর আঘাত হানে পাকিস্তান। পাকিস্তানের হামলার প্রত্যেকটি সফলভাবে আটকেছে ভারত। ভারত-পাক উত্তেজনার মধ্যে দু’দেশ সংঘর্ষবিরতি করলেও, ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে কোনও রেয়াত করা হবে না। জঙ্গি দমনে ভারতের ‘অপারেশন সিঁদুর’ জারি থাকবে।

Be the first to comment