মোদির পর শনিতে বঙ্গে আসছে ‘শাহ’, রয়েছে একাধিক কর্মসূচী

Spread the love

রোজদিন ডেস্ক : সব কিছু ঠিকঠাক থাকলে আজ, শনিবার রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত সাড়ে ন’টা নাগাদ কলকাতা বিমানবন্দরে শাহের বিমান নামার কথা। সেখান থেকে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে।
রাতেই বঙ্গ বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে একদফা বৈঠক হতে পারে শাহের। আগামিকাল, রবিবার সকাল ১১টায় একটি সরকারি কর্মসূচিতে রাজারহাটে হাজির হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপরে নিউ টাউনের হোটেলে মধ্যাহ্নভোজন সেরে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মিসভায় অংশ নেবেন। বিকেলে স্বামী বিবেকানন্দর সিমলা স্ট্রিটের বাড়িতে যাওয়ার কথা শাহের। সেখানে সাধুসন্তদের সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে রবিবার সন্ধ্যায় দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।
উল্লেখ্য, বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে জনসভা করে বঙ্গে ভোটের দামামা বাজিয়েন গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দু’দিনের মাথায় শাহের বঙ্গ-সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতি আর অপশাসনের অভিযোগ তুলেছিলেন। এবার শাহ যে একই পথে হাঁটবেন, তাতে কোনও সন্দেহ নেই। তবে আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তিনি বঙ্গ-বিজেপি নেতাদের কী কৌশল বাতলে যান, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। একইসঙ্গে শাহের কলকাতার সভায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দি‍লীপ ঘোষ ডাক পান কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে গেরুয়া শিবিরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*