রোজদিন ডেস্ক, কলকাতা:– আগামিকাল ফের পাকিস্তান লাগোয়া চারটি রাজ্যে মকড্রিলএর আয়োজন করা হচ্ছে বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাট, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে মকড্রিলের পরিকল্পনা করা হয়েছে। আর সেই বিষয়টি সামনে আসার পরই উত্তাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কারণ গতবার যেদিন মকড্রিলের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, তার আগের রাতেই ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছিল।
পহেলগাঁও জঙ্গি হামলার পরে ৭ মে দেশের বিভিন্ন প্রান্তে মকড্রিলের ঘোষণা করেছিল ভারত সরকার। আর মকড্রিলের প্রস্তুতি যখন তুঙ্গে উঠেছিল, তার আগের রাতেই পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে টানা চার দিন সামরিক সংঘর্ষ চলেছে। অবশেষে গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে সীমান্তবর্তী এই চার রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছিল। ড্রোন হামলা, ব্ল্যাকআউটের সাক্ষী থেকেছে এই রাজ্যগুলি। নতুন করে আবার এই সমস্ত সীমান্তঘেঁষা রাজ্যে মহড়ার আয়োজন করা হচ্ছে। সংঘর্ষবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এখনও তেমন উন্নতি হয়নি। তাই অনেকের মতে, সীমান্তের রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখতেই এই ধরনের মহড়ার আয়োজন।

Be the first to comment