কাঞ্চন মল্লিকের দাদাগিরি! চিকিৎসক নিগ্রহের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, রিপোর্ট গেল স্বাস্থ্যভবনে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। এবার তাঁর বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের মতো গুরুতর অভিযোগ উঠল।

সূত্রের খবর, কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসা করাচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল কাঞ্চন মল্লিকের শাশুড়ি। বুধবার তাঁকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। অভিযোগ, সেখানে গিয়ে বিভাগীয় প্রধান ডাঃ এম. আলমকে বলেন, তখনিই শাশুড়ির শারীরিক পরীক্ষা করতে। চিকিৎসক সবিনয়ে তাঁকে অপেক্ষা করতে বলেন। ডাক্তারবাবু জানান, তিনি একজন রোগী দেখছেন, দেখা হয়ে গেলে বিধায়কের শাশুড়িকে দেখে দেবেন। তাঁর এই কথায় কান না দিয়ে বারবার দাবি করেন, তখনই শাশুড়িকে দেখে দিতে। আর তারপর মেজাজ হারিয়ে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন বলে অভিযোগ। চিকিৎসকের কলার ধরে তাঁকে বদলি করে দেওয়ার হুমকি দেন। বিধায়কের এই আচরণের প্রতিবাদ করেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীর আত্মীয়রা।

এবিষয়ে ডিরেক্টর সুভাশিসকমল গুহ জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবন রিপোর্ট চেয়েছিল, তা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করবী বড়াল বলছেন, ”ঘটনাটা অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করতে, দুর্ব্যবহার বা চাপ তৈরি একেবারেই বরদাস্ত নয়। একজন জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন ব্যবহার একদমই ঠিক হয়নি।

এ বিষয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যদি তাড়াহুড়োয় কেউ ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন, সেটা উচিত নয়৷ আমাদের সংগঠন সদস্যরা দেখছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*