রোজদিন ডেস্ক, কলকাতা:-নিম্নচাপ সরলেও বৃষ্টিপাত আপাতত থামছে না। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) আলিপুরে বৃষ্টি হয়েছে ১৪২ মিমি, দমদমে ১৩৯ মিমি, সল্টলেকে সর্বাধিক ১৯৫ মিমি, উলুবেড়িয়ায় ১৩৬ মিমি, ক্যানিংয়ে ১০৮ মিমি এবং মেদিনীপুরে ৯৮ মিমি।
এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে সবচেয়ে বেশি ভিজেছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া (৮৯০.৬ মিমি) ও পুরুলিয়া (৮২২.৬ মিমি)। এই দুই জেলায় স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এর পিছনে রয়েছে একের পর এক নিম্নচাপের পশ্চিম অভিমুখী গতিপথ।
১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত এখানে ২৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে, যা ‘ঘাটতি’ হিসেবেই ধরা হচ্ছে। বৃষ্টির ঘাটতির তালিকায় উত্তরবঙ্গেরও একাধিক জেলা রয়েছে। মালদহ ও কালিম্পং বাদ দিলে অধিকাংশ জেলাতেই বৃষ্টি স্বাভাবিকের থেকে কম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Be the first to comment