রোজদিন ডেস্ক : ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা, রাজ্যসভার সাংসদ এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আজ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল, অবশেষে থামল জীবন যুদ্ধ।
চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা শিবু সোরেন আটবার লোকসভায় নির্বাচিত হন এবং দু-বার রাজ্যসভার সদস্য হন। বর্তমানে তিনি দ্বিতীয় দফার রাজ্যসভার সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ জেএমএম নেতা শিবু সোরেনজির মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আদিবাসী সম্প্রদায়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, সোরেনজি তাদের অধিকার এবং অধিকারের জন্য অক্লান্ত লড়াই করেছিলেন। ঝাড়খণ্ড গঠনে তাঁর ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আমি হেমন্ত সোরেনজির সমগ্র সোরেন পরিবার এবং গুরুজির সমস্ত সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই।

Be the first to comment