গতকাল, ৩০ আগস্ট বহু দ্বন্দ্বের অবকাশ মিটিয়ে অবশেষে ‘দাগি’ শিক্ষকদের একটি তালিকা প্রকাশ্যে এনেছে এসএসসি। তাতে নাম রয়েছে ১৮০৪ জনের। আজ সন্ধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদল তথা তৃণমূল ঘনিষ্ঠ কিছু নাম প্রকাশ্যে আনেন। তিনি জানান, ‘শিক্ষক নিয়োগে এই দুর্নীতিতে ২০২২ সালে অভিজিৎ গাঙ্গুলী যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছিলেন। তাঁর রায়কে মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার মানেননি। তা নিয়ে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, হয়েছে। সেখানে এসএসসি কে বাছাই করে তালিকা দিয়ে বলা হয়েছিল, কিন্তু তারা দিতে পারেনি।’
এদিন তিনি বলেন, ‘জীবনকৃষ্ণ, পার্থ চ্যাটার্জি, লিপস অ্যামড বাউন্ডসের কালীঘাটের কাকু – ভাইপো ও তৃণমূল কংগ্রেসের তরফে যে টাকা তুলেছিল, তার বেশিরভাগটাই কালীঘটে গিয়েছে। সেটা নানাভাবে প্রমাণিতও হয়েছে।’
তাঁর কথা, ‘এতদিন বাংলার মানুষ বলতেন, এখন তো তৃণমূল কংগ্রেস নিজেই স্বীকার করল ‘আমরা চোর’। আর সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে।’ তবে এই তালিকা অসম্পূর্ণ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর এই তালিকা থেকে খুব সন্তর্পণে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠদের নাম বাদ দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।
তিনি আবেদনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আবেদন করুন, এই তালিকার যেন ক্রস চেকিং করা হয়, তাও সিবিআইয়ের তদন্তের আওতায়।’ সুপ্রিম কোর্ট যেহেতু ৭ তারিখের পরীক্ষায় ‘অযোগ্য’দের না বসতে পারাটা নিশ্চিত করতে চেয়েছে, তাই তাদের এই ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, এ কথাও মনে করিয়ে দেন তিনি।

Be the first to comment