আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। ওডিশা এফসির পরে ভারতের দ্বিতীয় ক্লাব হিসেবে এই নজির গড়ল তারা। দেশের পরে এ বার ক্লাবের জার্সিতেও গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সঙ্গীতা বাসফোর। রবিবার ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন তিনিই।
AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসিকে ১-০ গোলে হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এ বার দ্বিতীয় ম্যাচেও অপরাজিত রইল তারা। হংকংয়ের দল কিচি এফসির বিরুদ্ধে ১-১ ড্র করল ইস্টবেঙ্গল। তবে ড্র করেও নজির গড়ল লাল-হলুদ ব্রিগেড। AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় ইস্টবেঙ্গল। ৯ মিনিটে আসে সাফল্য। নিজেদের ফাঁদেই পা দেয় হংকংয়ের দল কিচি এফসি। ম্যান-টু-ম্যান মার্কিং করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে। ফাজ়িলা ইকওয়াপুতের বাড়ানো বল ধরে গোল করতে ভুল করেননি সঙ্গীতা বাসফোর।

Be the first to comment