রোজদিন ডেস্ক : বিমান যাত্রায় আচমকা অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সিপিআর দিয়ে সুস্থ করার প্রশিক্ষণ দেওয়া হল কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশেষত বিদেশ থেকে আসা যাত্রীরা অনেকে দীর্ঘ বিমানযাত্রায় অসুস্থ বোধ করলে দ্রুত তাঁদের সিপিআর দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। এএআই এবং এপিএইচও যৌথ ভাবে গত ১৩ থেকে ১৭ অক্টোবর এই সিপিআর সচেতনতা সপ্তাহ পালন করে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা ডঃ পি আর বেউরিয়া এর উদবোধন করেন। তিনি এই সম্পর্কে ব্যবস্থাগুলি খতিয়ে দেখেন, যাত্রীদের সঙ্গে কথা বলেন। প্রশিক্ষণের কাজে হাতও মেলান। ডঃ বেউরিয়া বলেন, সময় মত সিপিআর দিলে বহু মূল্যবান জীবন রক্ষা করা যায়। এখানে এই কাজ করতে পারায় তাঁরা গর্বিত বলে জানান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সব অফিসার, কর্মী, সিআইএসএফ সহ ৫১০ জন এই প্রশিক্ষণ নিয়েছেন। এই ছাড়া ইয়েলো ফিভারের টিকা নেওয়া ১০০ জনও প্রশিক্ষণ নিয়েছেন।
সিপিআর নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ৫০০০ যাত্রীকে পুস্তিকাও দেওয়া হয়েছে। বিমানবন্দরে খোলা হয়েছে সিপিআর কিয়স্ক। জরুরি পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৩/৪ জন সব সময় বিমানবন্দরে থাকেন।
এএআই-এর এই উদ্যোগে যাত্রীরাও খুশি বলে জানা যায়।

Be the first to comment