রোজদিন ডেস্ক : মোদি শাহর রাজ্যে পুনর্গঠিত নয়া মন্ত্রিসভা আজ শপথ নিল। নামী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা-সহ এক ঝাঁক নতুন বিধায়ক আজ মন্ত্রী হলেন। কংগ্রেস থেকে আসা অর্জুন মোধওয়ারিয়া নয়া মন্ত্রিসভায় এলেন। তিনি গুজরাট প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন।
চমকপ্রদ উত্থান হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। তিনি আজ উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। তিনি সুরাটের মুনজারা কেন্দ্রের বিধায়ক।
প্রসঙ্গত, গতকাল বিজেপি র কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সব মন্ত্রী পদত্যাগ করেন। তাঁদের মধ্যে ৬ জন মন্ত্রীর পদত্যাগ পত্র গৃহীত হয় নি। তাঁরা ছাড়া আজ ১৯ জন বিধায়ক নতুন মন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী সহ ২৬ জনের এই নয়া মন্ত্রিসভায় ৮ জন ওবিসি, ৬ জন পতিদার, ৪ জন উপজাতি, ৩ জন তফসিলি জাতি, ২ জন ক্ষত্রিয় এবং একজন করে ব্রাহ্মণ ও জৈন সম্প্রদায়ের প্রতিনিধি আছেন। এর আগে ২০২১ সালেও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নেতৃত্বাধীন মন্ত্রীসভার সবাই পদত্যাগ করেছিলেন।
১৮২ জন বিধায়ক বিশিষ্ট গুজরাট বিধানসভায় সর্বোচ্চ ২৭ জন মন্ত্রী হতে পারেন। সদ্য ভেঙে দেওয়া মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ছিলেন, আজ তা বৃদ্ধি পেয়ে ২৬ জন হল।
গতকাল পদত্যাগীমন্ত্রীদের মধ্যে ৪ জন তাঁদের আগের মন্ত্রকেই আছেন। তাঁদের মন্ত্রক অপরিবর্তিত থাকায় আজ শপথ নিতে হয়নি।
আজ রাজ্যপাল আচার্য দেবব্রত গান্ধীনগরের রাজভবনে নয়া মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সূত্রের খবর, দল যে শুধু উচ্চবর্নের জন্য নয়, পুনর্গঠিত গুজরাট মন্ত্রিসভায় বিজেপি নেতৃত্ব সুকৌশলে সেই বার্তাও দিলেন।
আগামী ২০২৭ সালের নির্বাচনের আগে সম্ভবত এটিই শেষ রদবদল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment