অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর বিচারের দাবিতে দেরাদুনে পড়ুয়াদের মোমবাতি মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক : ত্রিপুরার এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার মর্মান্তিক মৃত্যুর বিচারের দাবিতে দেরাদুনে মোমবাতি মিছিল করলেন উত্তর পূর্বাঞ্চলের পড়ুয়ারা। বুধবার সন্ধ্যায় বছরের শেষ দিনে গান্ধী পার্কে সমবেত হয়ে তাঁরা ঘন্টাঘরের দিকে মিছিল করে যান। অন্যান্য রাজ্য থেকে আসা পড়ুয়ারাও তাঁদের এই মোমবাতি মিছিলে অংশ নেন। মর্মান্তিকভাবে নিহত অ্যাঞ্জেল চাকমার ছবি সহ এই মিছিলে তাঁরা ” বর্ণবৈষম্য বন্ধ হোক”, “আমরা ভারতীয় “, ” আমরা বিচার চাই” ইত্যাদি ধ্বনি দেন।
ইউনিফায়েড ত্রিপুরা স্টুডেন্টস এসোশিয়েসন (ইউ টি এস এ) এর উদ্যোগে এই মিছিল হয়। সংগঠনের সাধারণ সম্পাদক চূড়ান্ত ত্রিপুরা অভিযোগ করেন, পুলিশ এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, তারা একে বর্ণবৈষম্যের বিষয় বলে মানতেও চাইছিল না। এমন কি নতুন বছরের আগের সন্ধ্যায় যানজটের ধূয়ো তুলে তাঁদের এই মিছিল বন্ধ করতে বলেছিল পুলিশ।
উল্লেখ্য, ত্রিপুরার তরুণ এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই মাইকেলকে “চিনা” তকমা দিয়ে ধারালো অস্ত্র সহ ব্যাপক ভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সতের দিন চিকিৎসাধীন থাকার পর অ্যাঞ্জেল চাকমা ছাব্বিশে ডিসেম্বর শেষ নিশ্বাস ফেলেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যর প্রতিবাদে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সরব হন। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত নেপালে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।
দেরাদুনের এসএসপি অজয় সিং জানান, সারা দেশের দুহাজার পড়ুয়া এখানে পড়াশোনা করেন, তাঁদের মধ্যে ত্রিপুরার আড়াইশো পড়ুয়া আছেন।
ত্রিপুরা ও উত্তরাখণ্ড, দুই রাজ্যই বিজেপি শাসিত হওয়ায় অস্বস্তিতে দল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এই ঘটনা র প্রতিবাদে এসএফআই ত্রিপুরায় বিক্ষোভ আন্দোলন করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*