রোজদিন ডেস্ক : শুক্রবার বারুইপুরের সভা থেকে বিজেপির “হিন্দু প্রীতি”-কে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণের মাঝে শুভেন্দু অধিকারীর একটি অডিয়ো ক্লিপ শোনান অভিষেক। সেই অডিও ক্লিপে শোনা গেল, শুভেন্দু অধিকারী বলছেন, এটা সরকার চলছে? এর থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে। সেই মন্তব্যের পাল্টা তুলোধনা করেন অভিষেক। তাঁর কথায়, এরা বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলে। ধমকানি দেয়। চমকায়। শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে। আপনারা গত ২০ দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা হচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। এই হল বিজেপির হিন্দুত্ব। চ্যালেঞ্জ ছুড়ে অভিষের বলেন, আমি মিথ্যে বলছি না। কথা শোনালাম। দরকার হলে আমার বিরুদ্ধে মামলা করুক। প্রমাণ হয়ে যাবে, দুধ কা দুধ, পানি কা পানি। বাংলার শাসকদলকে হেয় করতে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রশংসা করেন বিরোধী দলনেতা। অথচ বাংলাদেশের ইউনূস সরকারের আমলে খুন হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। যে হিন্দুত্বকে হাতিয়ার করে বিজেপি ভোটের পালে হাওয়া লাগাতে চায়, শুভেন্দুর ইউনূস প্রীতির অডিও শুনিয়ে গেরুয়া শিবিরের সেই হিন্দুত্ববাদকেই নিশান করলেন অভিষেক। তারপর এসআইআর নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কথাকে হাতিয়ার করেন অভিষেক। বলেন, বিজেপির সাংসদই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলছে। অভিষেকের কথায়, বিজেপির এমএলএরা যাঁকে ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে তাঁরাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি, বাংলাদেশি বলছে। তাহলেই বুঝুন দলটার কী অবস্থা!

Be the first to comment