রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের রেশ না মিলতেই ইডি-র হাতে গ্রেফতার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।
আজ সকাল থেকে ইডি দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তাঁকে নানা প্রশ্ন করলেও সদুত্তর মেলেনি।।
বহু উত্তর তিনি এড়িয়ে গেছেন। আজ সকালে পুত্র সমুদ্র বসু ও আইনজীবীকে নিয়ে তিনি ইডি দফতরে আসেন। দৃশ্যত বিষণ্ণ প্রাক্তন মন্ত্রীকে টানা জেরা করে ইডি।
অভিযোগ, শুধু টাকা নয়, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে অনেকের জমি, বাড়িও নেওয়া হত। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নেমে প্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি চিরকুটের মাধ্যমে এর সূত্র পায় ইডি। এরপর তদন্ত শুরু হয়। এর আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। এই পদে থাকাকালীন ও বিধায়ক হিসাবেও বহু দুর্নীতি করেন তিনি। ভোটের আগে ইডি ডাকলেও তিনি যাননি। ১ মে ভোটের পর তিনি আসেন। তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগও করেন।
গ্রেফতারের পর আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। আগামীকাল তাঁকে আদালতে হাজির করে ইডি হেফাজত চাইবে বলে সূত্রের খবর।
মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। তিনি কোন ভাবেই তদন্তে সহযোগিতা করছেন না, পরন্তু বিভ্রান্ত করছেন বলে অভিযোগ।

Be the first to comment