রোজদিন ডেস্ক : নির্বাচনে হারের পর প্রথম সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন, তিনি রাস্তায় আছেন, রাস্তাতেই থাকবেন। এবার সেই কাজ শুরু করে দিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দলের জয়ী প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক সেরেছেন। এবার কর্মী, সমর্থকদের চাঙ্গা করতে আসরে নামছেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি দলীয় সাংসদদের নিয়েও বৈঠক করবেন নেত্রী। সূচি অনুযায়ী আগামী ১৪ মে কালীঘাটের বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠক হবে। পরদিন ১৫ মে সদ্য নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন দলনেত্রী। ভোট পরবর্তী পর্যায়ে এর আগে জয়ী প্রার্থীদের বৈঠকে একগুচ্ছ দিকনির্দেশ দিয়েছেন নেত্রী। এবার বাকিদের সঙ্গেও কথা বলে নির্বাচনের পোস্টমর্টেম করবেন। পাশাপাশি আগামীদিনের জন্য নির্দেশও দেবেন নেত্রী। নতুন সরকার তৈরি হয়েছে, এখন কর্মী, সমর্থক ও জনপ্রতিনিধিদের কী করনীয় তাও বাতলে দেবেন নেত্রী। বিরোধী নেত্রী হিসেবে তাঁর ভূমিকা জানে গোটা বাংলা। ফের সেই প্রতিবাদ, প্রতিরোধের রাস্তায় ফেরার আগে সতীর্থদের চাঙ্গা করার কাজটা শুরু করতে চলেছেন তিনি।

Be the first to comment