প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায় 

Spread the love

রোজদিন ডেস্ক :

মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় আজ বিকেলে রাজভবনে প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন। রাজ্যপাল আর এন রবি তাঁকে লোকভবনে শপথ বাক্য পাঠ করান। আগামীকাল ও বৃহস্পতিবার তিনি সব বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। শুক্রবার ১৫ মে হবে অধ্যক্ষ নির্বাচন। সূত্রের খবর, তাপস রায়ই বিধানসভার অধ্যক্ষ হবেন।

লোকভবনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কয়েক জন নতুন মন্ত্রী, বিধায়করা উপস্থিত ছিলেন।

অসমের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে শুভেন্দু অধিকারী সরাসরি লোকভবনে চলে যান।

পরে প্রোটেম স্পিকার তাপস রায় লোকভবনের বাইরে জানান, আগামীকাল মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ হবে। দীর্ঘদিন রাজনীতিতে থাকা তাপস রায় এই দায়িত্ব পেয়ে দৃশ্যত খুশি, বলেন, প্রোটেম স্পিকার, স্পিকার এই সব তো জীবনে বারবার হয় না। মমতা ব্যানার্জি চলে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। অপশাসন, কুশাসন আর হবে না বলে আশ্বাস দেন।

নির্বাচনের সময় পুলিশের পদস্থ আধিকারিকদের বদলি নিয়ে টিএমসি-র অনুযোগ নিয়ে প্রশ্নে বলেন, মমতা ব্যানার্জি ২০১১ য় মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় বিরোধীদের মুখে লুকো প্লাস্ট লাগিয়ে চুপ থাকতে বলেছিলেন, এখন ওঁরাও চুপ থাকুন।

উল্লেখ্য, প্রাক্তন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রর উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় এই মন্তব্য করেন। দশ বছর বিরোধীদের মুখে লুকো প্লাস্ট লাগিয়ে রাখতে বলেন।

আজ থেকে বিধানসভা গেরুয়া আলোয় সেজে উঠেছে। বিধানসভা ভবনের চত্বরে বিভিন্ন জায়গায় জ্বলছে গেরুয়া আলো। লোকভবনের বাইরের গার্ড রেলেও এই রঙের ছোঁয়া।

সূত্রের খবর, বুধবার প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রীরা প্রথম বিধায়ক হিসাবে শপথ নেবেন। এরপর অন্য বিধায়কদের শপথ গ্রহণ হবে। এবার মুখ্যমন্ত্রী ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর দুটি করে আসনে জিতেছেন।

শুক্রবার অধ্যক্ষ নির্বাচনের পর মুখ্যমন্ত্রী তাঁর নন্দীগ্রাম আসন ছাড়তে পারেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

শপথ গ্রহণের সময় সব বিধায়কদের নির্বাচন কমিশনের দেওয়া শংসাপত্র আনতে হবে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*