রোজদিন ডেস্ক: তৃণমূল কংগ্রেস কাদের? এই নিয়ে লড়াই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের। দলের তহবিল নিয়ে লড়াই আপাতত কলকাতা হাইকোর্টে। দলের প্রতীক ও তহবিল হাতে রাখতে মরিয়া কালীঘাট শিবির কিন্তু ক্রমশই কোণঠাসা হচ্ছে। এই ডামাডোলের মধ্যেই শুক্রবার দলের রাশ নিজেদের হাতে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা কমিটিগুলির পালটা কমিটি, পদাধিকারী ও শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করল পাল্টা তৃণমূল। এদিন সন্ধ্যায় এক হোটেলে দীর্ঘ বৈঠকের পর তাদের পদাধিকারীদের নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁদের রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র। চেয়ারম্যান আগেই অরূপ রায়কে করা হয়েছে। সঙ্গে কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। দলের জাতীয় কর্মসমিতিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হল সদ্য মমতাকে ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে। একই সঙ্গে এদিন দলের বিভিন্ন শাখা সংগঠনগুলির পদাধিকারী নির্বাচনও সেরে ফেলল তারা। তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে এলেন সাবিনা ইয়াসমিন এবং কার্যকরি সভাপতি হলেন শিউলি সাহা। তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান করা হয়েছে কোহিনুর মজুমদারকে। সভাপতি পদ পেলেন সুদীপ রাহা। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে এলেন আনিসুর রহমান বিদেশ। কার্যকরি সভাপতি করা হল সৌরভ বসুকে। আইএনটিটিইউসি-র সভাপতি হলেন নির্জল দে। এছাড়া সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলাম, কৃষক সংগঠনের সভাপতি নিশীথকুমার মালিক এবং এসসি-এসটি সেলের সভাপতি পদ পেলেন আশিস মার্জিত।

Be the first to comment