অরণ্য সপ্তাহে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা, রথযাত্রার মেলাতেও ফল ও নারকেলের চারা বিতরণের নির্দেশ

Spread the love

প্রতিবেদন: অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে বনসচিব মণীশ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানান, বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। সচিব বলেন, চলতি বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রথম পর্যায়ে ৮০ হাজার গাছ রোপণ করা হবে। পাশাপাশি মধ্যবর্তী পর্যায়ে আরও ২ কোটি ৮০ লক্ষ গাছ লাগানোর জন্যও পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যের ৭৫টি বড় রথযাত্রা উৎসবে যেখানে সরকারিভাবে সেবাকেন্দ্র করা হচ্ছে, সেখানে বন দপ্তরকে ফলের গাছ ও নারকেল গাছের চারা বিতরণের উদ্যোগ নিতে হবে। ইউক্যালিপটাসের চারা বিতরণ না করারও পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, ইউক্যালিপটাস মাটির পক্ষে ক্ষতিকর। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে নারকেল গাছের চারা বিতরণে জোর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জবাবে সচিব জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে রথযাত্রার ৭৫টি কেন্দ্রেই ফলের এবং উপকূলবর্তী এলাকার উপযোগী নারকেল গাছের চারা বিতরণের ব্যবস্থা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*