রোজদিন ডেস্ক: এবার বাড়িতে বসেই খুনের হুমকি পেলেন খোদ রাজ্যের শাসক দলেরই এক বিধায়ক। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বারাকপুরে বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে। ঘটনার পরই সরাসরি বারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন বারাকপুরের বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তুভ বাগচী। তবে বারাকপুরে কান পাতলে গোটা ঘটনায় নেপথ্যে বিজেপির গোষ্ঠীকোন্দলেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অভিযোগ, বুধবার রাতে একটি বাইকে চড়ে তিন অজ্ঞাত পরিচয় যুবক বিধায়কের বাড়ির সামনে আসে। এসে বিধায়ককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেই সঙ্গে ‘এমএলএকে বোমা মেরে, গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়। এমনই অভিযোগ করেছেন বিধায়ক কৌস্তুভ বাগচী ও তার স্ত্রী প্রীতি কর বাগচী। এরপরই কৌস্তুভ সরাসরি পুলিশকে নিশানা করে বলেন, বারাকপুর কমিশনারেট কিভাবে চলছে আমি জানি না? কার অঙ্গুলিহেলনে চলছে আমি জানি না? বারাকপুর পুলিশ কমিশনারেট ও টিটাগড় থানার আইসির কার্যকলাপ ও তাদের কাজের পদ্ধতি যথেষ্ট আপত্তিজনক। তাদের এই ধরনের কাজের জেরে দুষ্কৃতীরা মদত পাচ্ছে। আমি জোর দিয়ে একথা বলছি। তাদের অনেক কিছু আমি জানিয়েছিলাম, কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারেট কিভাবে চলছে আমি বুঝতে পারছি না। বারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ব্যাঙ্ক পার্ক এলাকায় কৌস্তুভের বাড়ি। সেখানেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে টিটাগড় থানার পুলিশ। বিধায়কের স্ত্রী বলছেন, বাইক চালকের গলায় গেরুয়া উত্তরীয় ছিল। তারা হিন্দিতে গালিগালাজ করছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Be the first to comment