প্রতিবেদন: কলকাতা পুরসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করল প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৭০টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ শ্রেণির মহিলা এবং চারটি তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন (আসন সংরক্ষণ) বিধি, ১৯৯৪ অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এই বিজ্ঞপ্তি জারি করেছেন। খসড়া তালিকায় প্রাপ্ত আপত্তি ও পরামর্শ বিবেচনার পরই চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে কলকাতা পুরভোটের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড। পাশাপাশি সাধারণ শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে মোট ৬৬টি ওয়ার্ড।
চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের ফলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়াও এবার গতি পাবে। এদিকে, কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহে পুরভোট এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণনার পরিকল্পনা রয়েছে। যদিও ভোটের নির্ঘণ্ট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। রাজ্য সরকারের সবুজ সঙ্কেত পেলেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে।

Be the first to comment