প্রতিবেদন: ওসিবি সংরক্ষণের জটিলতা কাটিয়ে এবার দ্বিতীয় এসএলএসটি-র নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীদের সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এই তালিকা ধরেই ইন্টারভিউতে ডাক পাবেন প্রার্থীরা, এমনই জানিয়েছে কমিশন। সোমবার রাতের দিকে কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের ১৪ সেপ্টেম্বরের নির্দেশিকা মেনে এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের নির্দেশিকা মেনে এসএসসি এই সংশোধিত তালিকা প্রস্তুত করেছে। যোগ্য প্রার্থীদের এই তালিকাটি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://westbengalssc.com) এবং হেল্পডেস্ক ওয়েবসাইটে (https://wbsschelpdesk.com) আপলোড করা হয়েছে।
দ্বিতীয় ধাপে সফল প্রার্থীদের নথিপত্র যাচাই, ইন্টারভিউ এবং ক্লাস টিচিং বা লেকচার ডেমনস্ট্রেশন হবে। কবে, কখন প্রার্থীদের এর জন্য ডাকা হবে সেই সূচি খুব দ্রুত কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল পোর্টালগুলিতে লগ-ইন করে নিজেদের নাম ও রোল নম্বর এন্ট্রি করলেই তা জানতে পারবেন। কমিশন নতুন তালিকা প্রকাশ করায় খুশি চাকরিপ্রার্থীরা। বঞ্চনার পর্ব শেষে এবার নিয়োগ পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। আইনি জটিলতায় অনেকদিন ধরে এই নিয়োগ আটকে থাকায় রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট যে শিক্ষক সঙ্কট তৈরি হয়েছে এবার তার সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment