প্রতিবেদন: পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধ গেট টপকে যন্তর মন্তর চত্বরে ঢুকে ছিলেন তিন সিজেপি নেতা। এই অভিযোগে আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিণ্ডেকে মঙ্গলবারই গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। বুধবার তাদের আদালতে পেশ করলে বিচারক তাদের পাঁচদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তিনজনকে তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ছাড়া পূর্ববর্তী জামিনের শর্ত লঙ্ঘন করারও অভিযোগ এনেছে পুলিশ। এর আগেও তারা গ্রেফতার হয়েছিলেন এবং জামিন পান। জামিনের শর্ত ছিল, এক বছরের জন্য কোনও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পারবেন না এই সিজেপি নেতারা। এই শর্তে জামিন পাওয়ার পরও ফের মঙ্গলবার যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখান সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডেরা। এই অভিযোগে তিন ককরোচ নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।
গত কয়েকদিন ধরে দিল্লিতে সিজেপির আন্দোলনের পরিপ্রেক্ষিতে যন্তর মন্তরে জমায়েতের ক্ষেত্রে ১৬৩ ধারা জারি করে রেখেছে পুলিশ। সেই নিষেধাজ্ঞা অমান্য, পুলিশের কাজে বাধাদানের মতো অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই সঙ্গে পূর্বের জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এদিন ভোর তিনটে নাগাদ দিল্লির জাফরপুর কালান থানা থেকে তাঁদের পুলিশ ভ্যানে করে আনা হয় পার্লামেন্টারি থানায়। সকালেই তাঁদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে পেশ করা হয়। তবে সিজেপি নেতাদের অভিযোগ, আইনজীবীদের সঙ্গেও তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না।

Be the first to comment