রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের নয়ডায় আজ এক পরিবারের পাঁচ জনের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রের খবর, মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) ও তাঁদের তিন সন্তান লাড্ডু (১১), মিষ্টি (৭) ও সাক্ষত (৩) এর নিথর দেহ আজ ঘর থেকে উদ্ধার হয়। আজ সকাল থেকে তাঁরা কেউ না ওঠায় মহেশের মা তাঁদের ডেকে সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীদের জানান। তাঁরাও অনেক ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে পাঁচ জনের দেহ উদ্ধার করে। কিভাবে এক সঙ্গে পাঁচ জনের মৃত্যু হোল এতে স্তম্ভিত সবাই। মহেশের মা কথা বলার মত অবস্থায় নেই। জানা যায়, রাতে সবাই নুডলস খেয়েছিলেন।আর চা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খাবারে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা বোঝা যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে মুম্বাই-এ এক পরিবারের চারজনের মৃত্যু হয়। তাঁরা রাতে বিরিয়ানি ও পরে বেশি রাতে তরমুজ খেয়েছিলেন।এরপর সবাই অসুস্থ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ নয়ডার ঘটনা সেই স্মৃতি উসকে দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত, শোকস্তব্ধ।

Be the first to comment