প্রতিবেদন: চোরবাগান-কাণ্ডের পরিপ্রেক্ষিতে পুজোর দিনগুলিতে কাজের চাপ বেড়েছে পুলিশ কর্মীদের। এই অবস্থায় পুজোর বাকি দিনগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ও আধিকারিকদের খাবার বাবদ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নির্দেশিকা অনুযায়ী, পুজোর বাকি দিনগুলিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার নীচে কর্মরত পুলিশকর্মী ও আধিকারিকদের খাওয়া বাবদ দৈনিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এতদিন ৮ থেকে ১২ ঘণ্টা ডিউটির ক্ষেত্রে মাথাপিছু ৪০ টাকা এবং ১২ ঘণ্টার বেশি ডিউটিতে ৮০ টাকা বরাদ্দ ছিল। সংশোধিত নির্দেশে তা বাড়িয়ে যথাক্রমে ১০০ টাকা ও ২০০ টাকা করা হয়েছে। দুর্গাপুজোর সময় থেকেই এই নতুন হার কার্যকর হবে। চোরবাগানের ঘটনার পর পুজোর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। পুজোর বাকি দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, নজরদারি ও নিরাপত্তা জোরদারে পুলিশকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, সেই দায়িত্ব পালনে ফিল্ডে থাকা পুলিশকর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই খাবার বাবদ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

Be the first to comment