প্রতিবেদন: চোরবাগান কাণ্ডের তদন্তে বিচারবিভাগীয় হাই-পাওয়ার কমিটি গঠনের জন্য তৎপরতা শুরু করল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বর্তমান কোনও বিচারপতির নাম সুপারিশ করার আবেদন জানিয়ে সোমবারই চিঠি দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছিলেন, তারই পরবর্তী পদক্ষেপ হিসেবে এই চিঠি পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির সম্মতি মিললেই কলকাতা হাইকোর্টের বর্তমান কোনও বিচারপতির নেতৃত্বে হাই-পাওয়ার কমিটি গঠন করা হবে। ওই কমিটি চোরবাগান দুর্ঘটনার কারণ, প্রশাসনিক ত্রুটি, নিরাপত্তা ব্যবস্থার খামতি এবং সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেবে। চোরবাগান বিপর্যয়ের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তদন্তে নিরপেক্ষতা বজায় রাখতে কলকাতা পুলিশ, দমকল বা কলকাতা পুরসভার প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে না। বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার।

Be the first to comment