রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে হওয়া মামলার শুনানি ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার। ইতিমধ্যেই সকাল থেকে এক ধাপ যুক্তি-তর্কের পর্ব চলেছে। ভোটারদের বৈধতা প্রমাণে কেন আধার কার্ড এবং কমিশনেরই দেওয়া ভোটার তালিকা গ্রাহ্য হবে না, প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এতে কমিশন জানায়, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আর তাতেই কমিশনকে এক্তিয়ার স্মরণ করিয়ে দিল আদালত।
বিচারপতি শুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে উঠেছিল এদিন মামলাটি। সেখানেই শুনানির শুরুতেই ডিক্লারেশন ফর্মে তুলে ধরতে বলা ১১ প্রমাণপত্রের তালিকা থেকে ভোটার ও আধার কার্ডকে বাদ দেওয়ায় কমিশনকে প্রশ্নের মুখে ফেলে মামলাকারীদের আইনজীবীরা।
তাদের প্রশ্নে আবার সায় দিয়ে বিচারপতিরা বলেন, জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী আধার গ্রহণযোগ্য প্রমাণপত্র হওয়া সত্ত্বেও কমিশন কেন তা গ্রাহ্য করছে না? যার পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর যুক্তি, ধারা ৩২৬-এর ভিত্তিতে এই প্রসঙ্গে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। কমিশনের সওয়ালকারীর মন্তব্য শুনে বিচারপতি ধুলিয়ার পর্যবেক্ষণ, নাগরিকত্ব কখনওই কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভুক্ত।
বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট ভাষায় বলেন, “নাগরিক নন এমন কেউ ভোটারতালিকায় রয়েছেন কি না, তা দেখার মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু প্রস্তাবিত নির্বাচনের কয়েক মাস আগে তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিলেন। এতদিন যিনি ভোট দিয়ে এলেন, তাঁর আর ভোটাধিকার থাকবে না।”

Be the first to comment