রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের ধর্ষণ কাণ্ডে হাইকোর্টে জমা পড়ল তদন্তের অগ্রগতি রিপোর্ট। হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল পুলিশ। গোপন জবানবন্দি ও মেডিকেল রিপোর্টও দেখেন বিচারপতি সৌমেন সেন।
এই রিপোর্টে সন্তুষ্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী। ‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই, তদন্তে সন্তুষ্ট। রিপোর্টের কপি দেওয়া হোক, তাহলে জানতে পারব তদন্ত কোন পর্যায়ে আছে’, আদালতে জানালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা। তদন্তের অগ্রগতি নিয়ে ১ মাস পর ফের রিপোর্ট দেবে পুলিশ। হাইকোর্টে রিপোর্ট জমা দিলেন কলেজ কর্তৃপক্ষও। আলাদা হলফনামা জমা দিল কসবা থানা।
প্রসঙ্গত উল্লেখ্য, কসবা আইন কলেজে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগের কথা প্রকাশ্যে আসে শুক্রবার, ২৭ জুন। ঘটনাটি বুধবার, ২৫ জুনের। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরের দিন। এই ধর্ষণের অভিযোগে মনোজিৎ মিশ্র (৩১), জ়াইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সেখানে কাজ করছিলেন।

Be the first to comment