রোজদিন ডেস্ক : বছর পেরিয়ে গেলেও অভয়ার নৃশংস হত্যার এখনও বিচার হয়নি, পরন্তু বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এইদিন অভয়ার বিচারের দাবিতে সরব চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্ম এই সব অভিযোগ করেন। তাদের কথায়, অভয়ার বিচারের দাবিতে তাদের আন্দোলন শুধু একজন চিকিৎসকের নৃশংস হত্যার বিচার না, সব নাগরিকের বিচার পাওয়ার অধিকার। চিকিৎসকদের পক্ষে পুন্যব্রত গুন, হীরালাল কোনার এইদিন সাংবাদিকদের বলেন, অভয়া এখনও বিচার পায়নি। এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে যারা অংশ নিয়েছিলেন, সেই চিকিৎসকদের অনেকের বিরুদ্ধে পুলিশ প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে। এর বিরুদ্ধে তারা সমালোচনায় মুখর হন।
বলেন, বিভিন্ন মেডিকেল কলেজে আবার হুমকি সংস্কৃতি ফিরেছে, রাজ্য মেডিকেল কাউন্সিল অপরাধীদের মদত দিচ্ছে। অবিলম্বে এই সব বন্ধ করতে তারা এইদিন ৫ দফা দাবি পেশ করেন।
প্রসঙ্গত, সারা দেশ, এমনকি বিদেশে ও তোলপাড় তুলেছিল আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-এর নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা। এই নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল এই রাজ্য-সহ সারা দেশ। প্রকৃত অপরাধীরা এখনও ধরা ছোওয়ার বাইরে বলে নিহত অভয়ার পরিবার, আন্দোলনকারীদের অভিযোগ।
বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা-সহ প্রতিবাদী চিকিৎসকদের দাবি, অভয়ার বিচার শুধু না, প্রতিটি কন্যার শিক্ষা, সুরক্ষা, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, হাসপাতালে রোগীদের চিকিৎসার অধিকার ইত্যাদি সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সচিবকে অপসারণ, প্রতিবাদী চিকিৎসকদের পুলিশি হেনস্থা বন্ধের দাবি জানান তারা।

Be the first to comment