রোজদিন ডেস্ক : মহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন স্থানীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ পাওয়ার পরই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করলেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
তৃণমূল সূত্রের খবর, এ ব্যাপারে একজনও যেন যথাযথ সাহায্য থেকে বঞ্চিত না হন, তা স্পষ্ট করে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রাখার বার্তাও দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল।

Be the first to comment