প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। শুক্রবার অভিষেকের এই সংক্রান্ত আর্জির শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। বিচারপতি বলেন, বিচারব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক হলেও তা অন্তর্বর্তী সুরক্ষা না বাড়ানোর কারণ হতে পারে না। এই মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুরক্ষা না পাওয়ার পর অভিষেক বিচারব্যবস্থা নিয়ে টুইট করেছেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ রয়েছে। এমন মন্তব্যের পর কি তাঁকে সুরক্ষা দেওয়া যায়? আদালত পাল্টা প্রশ্ন করে, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের ভিত্তিতে কি অন্তর্বর্তী সুরক্ষা বাড়ানোর আবেদন খারিজ করা যায়? এটা কি ইচ্ছাকৃত আদালত অবমাননা? আদালতের মন্তব্য, উপযুক্ত পরিস্থিতি এলে আদালত অবমাননার মামলা শুরু হতে পারে। সেটা আলাদা প্রক্রিয়া। কিন্তু তার জন্য সুরক্ষা আটকানো যায় কি? রাজ্য হলফনামা দাখিলের জন্য সময় চাইলে আদালত তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।

Be the first to comment