উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে চলতি মাসেই আসতে পারেন মোদি, কোন লাভ হবে না জানালো তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গ সফরে চলতি মাসেই আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগীম বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করেই ইতিমধ্যে ভোটপ্রচারের দামামা বাজিয়ে দিয়েছে গেরুয়া শিবির। মে মাসের শেষদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করার পরে এবারে ২০ জুন নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ২০ জুন তারিখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস তথা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছিল।
১৯৪৭ সালে বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে গত কয়েক বছর ধরে এই দিনটি বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। নন্দীগ্রাম বিজেপির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাই সেখান থেকে প্রধানমন্ত্রী ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে জোরালো রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, বিজেপি ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় এর তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি এই দিনটি বাঙালির জন্য ‘কালো দিন’ বলে মন্তব্য করেন। কারণ এটি বঙ্গবিভাজনের স্মৃতি বহন করে।
প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে কোনো লাভ হবে না জানাল তৃণমূল। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ‘ডেলি প্যাসেঞ্জারি’ কোনও কাজে দেবে না বলেই মনে করছে তৃণমূল। এ প্রসঙ্গে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “মোদি বাংলায় যেখানে খুশি আসতে পারেন। নানা রঙের লোকজন আগেও এসেছেন। এসে কী হয়েছে। বাংলার মানুষ বিজেপির আসল চেহারা কী তা জেনে গিয়েছে। যতবার ওঁরা বাংলায় আসবেন ততবারই মানুষ দেখতে পাবে যে, খালি হাতে এসেছেন, বকেয়া টাকা দিচ্ছেন না। এসব করে কোনও লাভ হবে না। বিজেপি আগেও হেরেছে, এবারেও হারবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*