প্রতিবেদন: রবিবার কালী পুজোর রাত। রাত তখন ২টো। কাঁকুড়গাছির একিউআই ৬১০, মানিকতলার ৫৩৮, বিধাননগর ৪৯০, ময়দান ৫০০, বালিগঞ্জে ৪৭৪। এই হল কালীপুজোর রাতে কলকাতার বায়ুদূষণের ছবিটা। পুলিশ থেকে প্রশাসন, বারবার শব্দবাজি-সহ নানা বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা এবং নজরদারির পরও এই হাল। বায়ুদূষণ নিয়ন্ত্রণে কালীপুজোয় বাজি ফাটানোর ক্ষেত্রে কড়া নিয়ম জারি করেছিল রাজ্য। বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। শব্দবাজিতে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু প্রশাসনের ব নির্দেশিকাকে উড়িয়ে কলকাতা রইল কলকাতাতেই। কালী পুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি। যার জেরে কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ল উদ্বেগজনকভাবে। শুক্রবার রাত থেকেই হাওড়া-কলকাতার বাতাসে দূষণ চড়তে শুরু করেছিল। রবিবার সেই বিষের মাত্রা রেকর্ড গড়ল। বায়ুদূষণের পরিস্থিতি এতটাই খারাপ যে রাত ১ট নাগাদই কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে যায় ৫০০-এর ঘরে। যা অত্যন্ত বিপজ্জনক। অথচ এমনি সময়ে বৃহস্পতিবার শহরের বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে। সেখানে রবিবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে ২০০-তে পৌঁছে যায়। দূষণের নিরিখে উত্তর কলকাতার অবস্থা ছিল সবচেয়ে খারাপ।

Be the first to comment