রোজদিন ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতির অভিযোগ। এই অভিযোগে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, সংখ্যালঘু মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বিপুল অঙ্কের টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। মামলায় স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। আবেদনকারীর অভিযোগ, শুধু এই রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ, সৌদি আরব থেকে বাবরি মসজিদ নির্মাণের জন্য বিপুল আর্থিক সাহায্য এসেছে। অনেকেই ইট, সিমেন্ট, রড, বালির মত ইমারতি দ্রব্য পৌঁছে দিয়েছেন নির্মাণস্থলে। আবেদনাকারী নিজেও ২৩ হাজার টাকা দান করেছেন। তবে কোন রশিদ তিনি পাননি। অনেককে তা দেওয়া হয়নি বলেও অভিযোগ। আরও অভিযোগ, মসজিদের নামে সংগৃহীত অর্থ কোথায় রাখা হয়েছে, তাও স্পষ্ট নয়। বাবরি মসজিদ নির্মাণ ঘোষণার সময় থেকে এখনও অবধি মোট কত টাকা জমা পড়েছে, তার কোনও যথাযথ হিসাব নেই বলেই দাবি ওই মামলাকারীর। মাস খানেক সময় পেরিয়ে গেলেও বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের মূল কাজ এখনও শুরুই হয়নি।

Be the first to comment