রোজদিন ডেস্ক : ডাক্তারির প্রবেশিকা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। এবার সামনে এল নিট পরীক্ষায় কারচুপি। ওই পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বরে কারচুপি করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন হুগলির এক পরীক্ষার্থী। তাঁর ওএমআর পুনরায় যাচাই করানোর আবেদনও জানিয়েছেন তিনি। এই মামলায় দ্রুত ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র জবাব চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন, দেশে ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং চলছে। তাই দ্রুত আদালতে বক্তব্য জানাতে হবে এনটিএ-কে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। মামলাকারী হুগলির ডানকুনির শ্রেয়া মহান্তি। শ্রেয়ার দাবি, ২১ জুনের পরীক্ষায় তাঁর সিরিয়াল নম্বরের ‘আনসার কি’-র সঙ্গে তাঁর ওএমআরের কোনও মিল নেই। ‘আনসার কি’ অনুযায়ী তাঁর পাওয়ার কথা ছিল ৬৫৯ থেকে ৬৬১ নম্বর। কিন্তু এনটিএ-র প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন। ‘আনসার কি’-র সঙ্গে প্রায় ৩৭০ নম্বরের ফারাক। এই নিয়ে দুর্নীতি হয়েছে বলেই তাঁর অভিযোগ। তাঁর আইনজীবী বলছেন, ওএমআর শিট কম্পিউটারে মূল্যায়ন করা হয়। সেখানে ‘আনসার কি’-র সঙ্গে তার এত ফারাক কী ভাবে হল? ৩৭০ নম্বরের ফারাক যন্ত্রের ভুলে হতে পারে না। পরীক্ষার ওএমআর পরখের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে এনটিএ-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মামলাকারী।

Be the first to comment