রোজদিন ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফতোয়ার প্রতিবাদে আগামীকাল পথে নামছেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এই ফতোয়ার বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে কংগ্রেস, এসএফআই-সহ একাধিক বামপন্থী সংগঠন।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগামীকালের প্রতিবাদ সমাবেশে সামিল হতে সবাইকে আবেদন জানিয়েছেন।
সূত্রের খবর, আগামীকাল রাজ্যের সর্বত্র দুপুর দুটো ও সন্ধ্যা সাতটায় একযোগে কবিগুরুর “আমার সোনার বাংলা” গানটি গাওয়া হবে।
যে গান গাইলে দেশদ্রোহিতা হয় বলে ফতোয়া জারি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন শান্তিনিকেতনের বিশিষ্ট আশ্রমিকরা।
বিশিষ্ট বুদ্ধিজীবীদের অভিযোগ, এই রাজ্যে ক্ষমতায় এলে তাঁরা এখানেও এই গান বন্ধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বিজেপি নেতা। যা নিয়ে বিস্মিত তাঁরা। পবিত্র সরকার, অনীতা অগ্নিহোত্রী,শমীক ব্যানার্জি, রাজা সেন, ঊর্মিমালা বসু, অশোক মুখার্জি প্রমুখ বুদ্ধিজীবী, সাংস্কৃতিক মহলের প্রতিনিধিরা এক যৌথ আবেদনে এই সব বলেন।
আজ কংগ্রেসের পক্ষে অসম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।
প্রসঙ্গত, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বিদ্যালয় পাঠ্যসুচি থেকে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে।

Be the first to comment