রোজদিন ডেস্ক, কলকাতা:- অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। আহত হলেন অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বেশ কয়েকটি বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এই ভাবে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট-আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা।
প্রসঙ্গত, এ বারের ৫২ দিনের অমরনাথ দর্শন পর্ব চলবে দু’টি যাত্রাপথে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাঁও এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। আগামী ১৯ অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা।

Be the first to comment