বিজেপি দেশকে সন্ত্রাসবাদ ও নকশালবাদ থেকে মুক্ত করেছে, এবার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী মুক্ত করবে, মালদহের মানিকচকে শাহী হুঁশিয়ারি

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি দেশকে সন্ত্রাসবাদ ও নকশালবাদ থেকে মুক্ত করেছে। এই বিজেপি এবার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করবে। মঙ্গলবার মালদহের মানিকচক থেকে এই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানিকচক ও মোথাবাড়ির দুই বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সেখানে একটি সভা করেন অমিত শাহ। এর আগে এদিন তিনি উত্তর দিনাজপুরের কালিয়াচকে এক বিরাট পদযাত্রা দিয়ে তাঁর প্রচার কর্মসূচি শুরু করেন। তারপর তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তপন ও কুমারগঞ্জের প্রার্থীদের সমর্থনে একটি জনসভা করেন গঙ্গারামপুর ব্লকে গচিহার গ্রাউন্ডে। এরপর আসেন মালদহের মানিকচকে।

সেখান থেকে তিনি মমতাকে নিশানা করে বলেন, বাবর ভেঙেছিলেন রামমন্দির। মোদিজি অযোধ্যায় রামমন্দির বানিয়ে দিয়েছেন। আর মমতাদিদির হুমায়ুন কবীর বলছেন, বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করবেন। আমি বলে যাচ্ছি, হুমায়ুন কবীর, তুমি কান খুলে শুনে নাও, এই মাটিতে কোনও মায়ের লাল বাবরি মসজিদ বানাতে পারবে না। দিদি আপনি এবং আপনার ভাইপোও শুনে নিন, আপনাদের বাবরি মসজিদ বানানোর স্বপ্ন ৪ তারিখ চুরমার হয়ে যাবে। সভা থেকে তিনি হুমায়ুনকে দিদির এজেন্ট বলেও তোপ দাগেন। তিনি আরও বলেন, আপনাদের যারা কাটমানি নিয়েছে, তারা ভাবে কিছু হবে না। কিন্তু দিদি জেনে রাখুন, আমরা কাটমানিখোরদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো। মমতা দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ আপানাকে টা-টা করে দিয়েছে। এবার সারা ভারত থেকে তৃণমূলকে টা-টা করে দেবো আমরা।

মালদহের মাটিতে দাঁড়িয়ে মালদহের আম নিয়ে মমতাকে নিশানা করে শাহ বলেন, আজ যখন এখানে এসেছি, মালদহের আমের কথা বলতে চাই। আমাদের গুজরাত এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে। কিন্তু মালদহের আম গুজরাতের বাজারে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোল্ড স্টোরেজ তৈরি না-করে আমগুলোকে নষ্ট করছে। এতে ক্ষতি হচ্ছে মানুষের। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মাফিয়ারাজ চলছে। এটা বন্ধ করতে হবে। যদি মাফিয়ারাজ বন্ধ করতে চান, যদি উত্তরবঙ্গকে উন্নত করতে চান তো, দু’হাত তুলে বলুন ‘জয় শ্রী রাম’। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে ইউনিফর্ম সিভিল কোড চালু করারও আশ্বাস দেন তিনি। মানিকচকের পর তিনি মালদহের গাজোলে আরও একটি জনসভা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*