সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অনিকেতের, থাকবেন অভয়ার বিচারের দাবিতে আন্দোলনে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর চিকিৎসক জীবনকে হত্যা করতে চায় বলে গুরুতর অভিযোগ করলেন অনিকেত মাহাতো। আর জি কর হাসপাতালে অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যায় বিচার চেয়ে রাজ্যব্যাপী আন্দোলনের অগ্রণী মুখ ছিলেন তিনি। গতকালই এই আন্দোলন গড়ে তোলা জুনিয়র ডক্টরস ফ্রন্টের পদ থেকে সরে এসেছেন তিনি। আজ এই সব ব্যাখ্যা করতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন সিনিয়র রেসিডেন্টশিপ (এসআর শিপ) ছেড়ে দেবেন, এর জন্য সরকারকে ত্রিশ লক্ষ টাকা দিতে হবে, এর জন্য আমজনতাকে সাহায্য করতে আর্জি জানান তিনি।
অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলেনর ঝাঁঝ একটু থিতিয়ে আসতেই অনিকেত-সহ বেশ কয়েকজন চিকিৎসককে জেলায় বদলি করেছিল স্বাস্থ্য দফতর। প্রতিবাদে অনিকেত মাহাতো আদালতে যান। নিম্ন, উচ্চ ও সর্বোচ্চ আদালত ও তাঁকে আর জি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দেয়। যদিও এখন অবধি তা কার্যকর হয়নি বলে আজ ক্ষুব্ধ অনিকেত মাহাতো জানিয়েছেন।

তাঁর আরও অভিযোগ, শীর্ষ আদালতে রাজ্য সরকার এই মামলা লড়তে বিখ্যাত আইনজীবী কপিল সিব্বালকে নিয়োগ করেছিল। তিনি চিকিৎসক, মানুষের চিকিৎসা করতে চান, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার জন্য সরকার তাঁকে এই কাজ করতে দিচ্ছে না বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন। বলেন, তিনি সরকারের দেওয়া এস আর শিপ চান না, তাঁর পূর্ব কর্মস্থল আর জি কর হাসপাতালেই ফিরতে চান, কিন্তু তা হচ্ছে কোথায়!
তিনি জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে বেরিয়ে এলেও ওঁদের সঙ্গে যোগাযোগ আছে, থাকবে। কিছু পদ্ধতিগত কারণে মতানৈক্যর জন্য তিনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন।।অভয়ার বিচারের দাবিতে তাঁর লড়াই জারি থাকবে বলে দৃঢ়ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*