“বাংলা ও বাঙালি কী জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়ে এসেছি, এবার দলনেত্রী যাবেন”, ৩১-এ ৩১ চাই, বারুইপুরে অভিষেকেের গর্জন

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা ও বাঙালি কী সেটা জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়ে এসেছি। এবার তো স্বয়ং দলনেত্রী যাবেন। নির্বাচন কমিশনকে এভাবেই শুক্রবার বারুইপুরের সভা থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিলেন ছাব্বিশের নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণা থেকে ৩১-এ ৩১ চাই।


এর আগে বছরের শেষদিনে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়েছিলেন অভিষেক ও তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। সেদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর উত্তপ্ত বাদানুবাদ হয়। বারুইপুর থেকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। আপনারা তৈরি থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরুর জন্য কেন দক্ষিণ ২৪ পরগনাকে বেছে নিলেন, সে প্রসঙ্গে অভিষেক বলেন, শুভ কাজে গেলে, বড় কাজে গেলে মা-বাবার আশীর্বাদ নিতে হয়। কালীঘাট আমার জন্মভূমি, আর দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। আপনাদের আশীর্বাদ নিয়ে তাই আমি লড়াই শুরু করলাম। আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়ও এবার আমাদের জিততে হবে। যত পরিশ্রম দরকার, করতে হবে। আপনারা যেখানে বলবেন আমি সেখানে যাবো। যেভাবে বলবেন সেভাবেই করবো। কিন্তু আপনার শুধু এই জেলা থেকে ৩১-এ ৩১ করে দিন তৃণমূলকে।


এরপরই অপরিকল্পিত এসআইআর নিয়ে কমিশনকে তোপ দাগেন। এসআইআরের আতঙ্কে গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত ভোটার এবং বিএলও-র মৃত্যুর খবর এসেছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানান অভিষেক। এরপরই চমক দিয়ে মঞ্চে হাজির করেন কমিশনের খসড়া তালিকায় ‘মৃত’ তিন ভোটারকে। র‌্যাম্পে তাঁদের সঙ্গে নিয়ে হাঁটেন অভিষেক। তাঁদের মধ্যে দুই ব্যক্তি এবং একজন মহিলা। দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ এবং এক জনের বাড়ি কাকদ্বীপে। অভিযোগ, তাঁদের তিনজনকেই মৃত বলে দেখানো হয়েছে খসড়া তালিকায়। এরা হলেন, মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*